স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে এই জয়ের চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে ইনজুরি কাটিয়ে নেইমারের প্রত্যাবর্তন।
দীর্ঘ ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয়।ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলের ‘নাম্বার ১০’।
জাতীয় দলের হয়ে তার এই প্রত্যাবর্তনকে বিশেষভাবে উদযাপন করেছেন সতীর্থ ভিনিসিউস জুনিয়র। ম্যাচ শেষে নেইমারকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা।
ভিনিসিউস বলেন, ‘নেইমারের ফেরাটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। কারণ আমাদের আইডল ফিরে এসেছে।
এমন একজন মানুষ, যে এখানে থাকার জন্য সবসময় লড়াই করেছে এবং নিজের সর্বোচ্চটা দিয়েছে। ইনজুরির ধকল কাটিয়ে সে ফিরে এসেছে। আমি আশা করি সে এভাবেই উন্নতি করতে থাকবে, নিজের সেরা ছন্দ ফিরে পাবে এবং পুরো টুর্নামেন্টে আমাদের সাহায্য করবে।’
ব্রাজিল দলের বর্তমান প্রজন্মের অনেক খেলোয়াড়ের মতো ভিনিসিউসও ছোটবেলা থেকেই নেইমারকে আদর্শ হিসেবে দেখে বড় হয়েছেন। তাই জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তন শুধু কৌশলগত দিক থেকেই নয়, মানসিকভাবেও দলকে বড় শক্তি জোগাবে বলে মনে করছেন অনেকে।
নেইমারের ফেরার দিনে মাঠেও উজ্জ্বল ছিলেন ভিনিসিউস। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা চারে উন্নীত করেছেন তিনি। একই সঙ্গে টুর্নামেন্টে এখন পর্যন্ত সরাসরি ৫টি গোলে অবদান রেখেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
স্কটল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোতে উঠেছে সেলেসাওরা। আর নকআউট পর্ব শুরুর আগে নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিল শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগ করেছে নিঃসন্দেহে।