মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এবার বিশ্বকাপের ফ্যান জোনে বন্দুক হামলা, নিহত ১

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মাঝে আবারও রক্তাক্তের ঘটনা। এবার ফ্যান জোনে বন্দুক হামলা হয়েছে।
বন্দুক হামলায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১ জন। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

ঘটনার বিষয়ে সামাজিক মাধ্যম এক্সে ক্যালিফোর্নিয়ার সান জোসের পুলিশ এক পোস্টে লিখেছে, ‘ঘটনাস্থলেই ১ জন মারা গেছেন।
অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ড ধরে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং ওই এলাকার আশপাশের বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।’

ঘটনাটি ঘটেছে সান জোসের সান পেদ্রো স্কয়ারে। সান ফ্রান্সিসকো বে এরিয়ায় যে কটি জায়গায় ফ্যান জোন করে খেলা দেখানো হয় তার মধ্যে অন্যতম এটি।
এখন পর্যন্ত সান ফ্রান্সিসকো বে এরিয়ায় বিশ্বকাপের ৫টি ম্যাচ হয়েছে। সেখানেই রবিবার এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় কোনো ম্যাচ ছিল না। ঘটনাস্থলে থাকা রয়টার্সের এক সাংবাদিকের বরাতে গ্লোবো ডটকম জানিয়েছে, হামলার পর পুরো এলাকাজুড়ে পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে ইংল্যান্ড জাতীয় দলের বেসক্যাম্পের কাছে গোলাগুলির ঘটনায় ৯ জন আহত হয়েছিলেন।
কানসাস সিটির মেসৌরির ঘটনা পর ২১ জুন ম্যাসাচুসেটসের ব্রকটনে গুলির ঘটনা ঘটে। উরুগুয়েকে হারিয়ে কেপ ভার্দের উদযাপনের সময় সেদিন ৫ জন গুলিতে এবং ১ জন ছুরিকাঘাতে আহত হন। এবারের বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দের আরেক ম্যাচেও এই ব্রকটনেই আরো ৪ জন গুলিবদ্ধ হন।