শনিবার, ৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভায় তিনি যোগ দেন।

‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনের কর্মসূচির শেষ দিন আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশেও প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। গত বৃহস্পতিবার এই কর্মসূচি ঘোষণা করে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হবে এই কর্মসূচি, শেষ হবে আগামী ৩ আগস্ট।