পূবাইল (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মহানগরের পূবাইল থানার তালটিয়া এলাকায় দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শুক্রবার সকালে এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের অসহায় পরিবারের সদস্যদের প্রত্যেককে ২০ কেজি করে চাল প্রদান করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন । এছাড়া উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সাধারণ সম্পাদক হারুন সরকার, সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সদস্য আসাদ হোসেন বুলবুল, সাখাওয়াত হোসেন খোকন, যুবদলের সদস্য সচিব আবুল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক নিম্ন আয়ের মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।