পূবাইল (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় একই দিনে পৃথক দুটি ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) বিকেল ও সন্ধ্যায় ঘটে যাওয়া এ দুটি ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে পূবাইল থানার খিলগাঁও যোগীপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঈশা আক্তার (১৬) নামে এক গৃহবধূকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈশা পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের সোড়ল এলাকার জুয়েল মিয়ার মেয়ে। প্রায় দুই মাস আগে তার বিয়ে হয় এবং তিনি স্বামীর সঙ্গে ওই বাসায় বসবাস করতেন।
প্রাথমিকভাবে স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
একই দিন সন্ধ্যায় পূবাইল থানার ৪২ নম্বর ওয়ার্ডের মারুকা এলাকা থেকে মরিয়ম আক্তার প্রিয়া (১৯) নামে আরেক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি মারুকা এলাকার শাহজাহানের মেয়ে এবং জিহাদের স্ত্রী। স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক বিষয় নিয়ে অভিমানের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুই ঘটনাতেই পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, পৃথক দুটি ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি প্রতিটি ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।