মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২১ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পিছিয়ে পড়া বাঙালিদের জন্য আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় বসবাসরত পিছিয়ে পড়া ৫৪ শতাংশ বাঙালিদের আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় বন্ধ থাকা ব্যাংক ঋণ পূর্বের ন্যায় চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সোমবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ আবদুল মজিদ বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত বিপুল সংখ্যক বাঙালি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে।ব্যবসা-বাণিজ্য ও জীবিকার সুযোগ সীমিত হওয়ায় বর্তমানে তারা নানা সংকটে দিন পাড় করছেন । এ অবস্থায় তিন পার্বত্য জেলার পিছিয়ে পড়া ৫৪ শতাংশ বাঙালিদের জন্য আয়কর মওকুফের পাশাপাশি বাজারফান্ড এলাকায় বন্ধ থাকা ব্যাংক ঋণ কার্যক্রম পূর্বের মতো চালু করা জরুরি।

এতে বক্তারা বলেন, ব্যাংক ঋণ চালু হলে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও উদ্যোক্তারা উপকৃত হবেন এবং পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। একই সঙ্গে আয়কর মওকুফের মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক চাপ কমবে বলে তারা আশা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য এরশাদ হোসেন, সদস্য শাহাদাত হোসেন, সদস্য রবিউল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমেদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, সদর উপজেলার সভাপতি রায়হান ইসলাম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি মাকসুদুল আলম উপস্থিত ছিলেন।