নিজস্ব প্রতিবেদক : ২০২৫-২৬ অর্থবছরের চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লসের পরিমাণ ৩ দশমিক ২৭ শতাংশ এবং বিতরণ লসের পরিমাণ ৬ দশমিক ২৯ শতাংশ বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
তিনি বলেন, সিস্টেম লস গ্রহণযোগ্য মাত্রায় নামিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. ফজলে হুদার এক প্রশ্নের উত্তরে জ্বালানিমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যুৎ সঞ্চালন লস ছিল ৩ দশমিক ৪ শতাংশ এবং বিতরণ লস ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে এপ্রিল ২০২৬ পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লসের পরিমাণ দাঁড়িয়েছে ৩ দশমিক ২৭ শতাংশ এবং বিতরণ লসের পরিমাণ ৬ দশমিক ২৯ শতাংশ।
মন্ত্রী বলেন, সিস্টেম লস গ্রহণযোগ্য মাত্রায় নামিয়ে আনার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
পুরাতন জরাজীর্ণ বৈদ্যুতিক লাইন পরিবর্তন এবং বৈদ্যুতিক লাইনের ক্ষমতা বৃদ্ধি; ওভারলোডেড ট্রান্সফরমার পরিবর্তন; ওভারলোডেড উপকেন্দ্রগুলোর ক্ষমতা বৃদ্ধি; অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ; স্মার্ট ও প্রি-পেমেন্ট মিটার স্থাপন; এনার্জি অডিটিংয়ের মাধ্যমে এনার্জি আমদানি ও রপ্তানির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা; বৃহৎ শিল্প গ্রাহকদের জন্য এএমআর মিটার স্থাপনের মাধ্যমে নজরদারি বৃদ্ধি।