শনিবার, ১১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পারমাণবিক শক্তি আরও বাড়ানোর ঘোষণা উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তিকে পরিমাণগত ও গুণগত-উভয় দিক থেকেই আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে দেশটির সামরিক বাহিনীকে আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন নেতা কিম জং উন।

শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের সম্প্রসারিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে কিম জং উন বলেন, শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলাই উত্তর কোরিয়ার নিরাপত্তা এবং প্রকৃত শান্তি নিশ্চিত করার একমাত্র উপায়।

তার ভাষ্য, এমন একটি আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনী প্রয়োজন, যা দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকি কার্যকরভাবে মোকাবিলা ও প্রতিহত করতে সক্ষম হবে।

বৈঠকে যুদ্ধ সক্ষমতা বাড়াতে সামরিক প্রযুক্তিগত অবকাঠামো আধুনিক করার পরিকল্পনা অনুমোদন করা হয়েছে।

পাশাপাশি পারমাণবিক শক্তি সম্প্রসারণ এবং সামরিক ঘাঁটিগুলোকে আরও মানসম্মত, বিশেষায়িত ও আধুনিক করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার ভূমিকা আরও বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়েছে।

গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং অনুসন্ধান সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সংস্থাটির কার্যক্রম জোরদার করা হবে বলে জানিয়েছে কেসিএনএ।
প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে আধুনিক নৌঘাঁটি নির্মাণ এবং জাহাজ নির্মাণ কারখানাগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। কেসিএনএর ভাষ্য, এসব উদ্যোগ উত্তর কোরিয়ার নৌবাহিনীর মর্যাদা ও কৌশলগত ভূমিকার উল্লেখযোগ্য পরিবর্তনের প্রতিফলন।

সূত্র: রয়টার্স