আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের গ্র্যান্ড মুফতি এবং মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের খতিব শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। -সূত্র: আলজাজিরা, ডেইলি সাবাহ।
স্থানীয় সূত্রের বরাতে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার আল-আকসা মসজিদে জুমার খুতবা ও নামাজে ইমামতি করার কিছুক্ষণ পরেই ইসরায়েলি সৈন্যরা তাকে আটক করে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাকে আটক করার কারণ বা ইসরায়েলি বাহিনী তাকে কোথায় নিয়ে গেছে— এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
তবে জানা গেছে, সম্প্রতি গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চাপিয়ে দেওয়া ‘ক্ষুধা ও অনাহার পরিস্থিতি’ নিয়ে জুমার খুতবায় তীব্র সমালোচনা ও নিন্দা প্রকাশ করেছিলেন খতিব শেখ মোহাম্মদ হুসেইন। এর জের ধরে প্রথমে তাঁকে মসজিদ থেকে ৬ মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং আজ নামাজের পর সরাসরি আটক করা হয়।
এদিকে এই ঘটনার পর জেরুজালেমের ওল্ড সিটি এলাকায় নতুন করে চরম উত্তেজনা দেখা গেছে।
আল-আকসা মসজিদের ইমাম ও ধর্মীয় নেতাদের ওপর ইসরায়েলি বাহিনীর এমন কড়াকড়ি ও আটকের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে খুতবায় বক্তব্য প্রদান কিংবা ধর্মীয় জমায়েতকে কেন্দ্র করে আল-আকসার একাধিক খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বকে আটক বা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে, দাবি করে যে এটি প্রাচীনকালে দুটি ইহুদি মন্দিরের স্থান ছিল। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেমের এবং ১৯৮০ সালে পুরো জেরুজালেম দখল করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও জেরুজালেমকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি।