নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে ফেনী জেলার ২৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেকগুলো হস্তান্তর করা হয়।
বিআরটিএ ফেনী সার্কেল অফিস সূত্রে জানা গেছে, ফেনী জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ২১টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৫ লাখ টাকা ও গুরুতর আহত ২টি পরিবারকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকার আর্থিক সহায়তার মঞ্জুরিকৃত চেক দেওয়া হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তার অর্থ তুলে দেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনায় যে ক্ষতি হয়, তা কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়।
তবে সরকারের এই মানবিক সহায়তা ভুক্তভোগী পরিবারগুলোর দুঃখ কিছুটা লাঘব করবে ও তাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। সেই সঙ্গে সড়ক দুর্ঘটনা রোধে চালক, মালিক ও পথচারীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আল ফয়সাল, ফেনী জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে ফেনী জেলার বিভিন্ন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
চেক গ্রহণকালে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।