টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল টঙ্গী শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নতুনবাজার টঙ্গী রেলওয়ে জংশনের নবনির্মিত ভবনের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।
টঙ্গী রেলওয়ে শ্রমিক দলের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরি সভাপতি সালাহ উদ্দিন সরকার।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির এজিএস ইমরুল কায়েস পলাশ।
এসময় আরো উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানসহ রেলওয়ে শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতাকর্মীবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন সরকার বলেন, টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় এখন টঙ্গীর সবচেয়ে অবহেলিত অঞ্চল। এই এলাকার সামাজিক উন্নয়ন ও রেলওয়ে জংশন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে শ্রমিক দলকে দায়িত্ব পালন করতে হবে । বিশেষ করে টঙ্গী জংশন ব্যবহারকারী যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে যাতায়তের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি টঙ্গী রেলওয়ে জংশনকে মাদকমুক্ত করে করতে হবে।