বুধবার, ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কালিয়াকৈরে ২ হাজার পরিবারের পাশে গাজীপুর জেলা পরিষদ

শাহানাজ পাটোয়ারী, গাজীপুর : টানা কয়েকদিনের ভারী বর্ষণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী ও দিনমজুর পরিবারগুলো। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে গাজীপুর জেলা পরিষদ।
মঙ্গলবার সকাল ১০টায় কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়। গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।
বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
ত্রাণ বিতরণ শেষে ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, “মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আমরা উপলব্ধি করি। তাই দ্রুত সময়ের মধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে এই ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দ্রুত পৌঁছে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই গাজীপুর জেলা পরিষদ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দুর্গত মানুষের পাশে কাজ করছে। যতদিন প্রয়োজন হবে, ততদিন আমাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
ত্রাণ গ্রহণকারী বাসিন্দারা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে তারা কর্মহীন হয়ে পড়েছেন। অনেক পরিবারের ঘরে খাবারের সংকট দেখা দিয়েছিল। এ অবস্থায় জেলা পরিষদের খাদ্য সহায়তা তাদের জন্য স্বস্তি নিয়ে এসেছে।
অনুষ্ঠানে গাজীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব আলহাজ এম. আনোয়ার হোসেন, জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।