শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২ সফর, ১৪৪৮ হিজরি

আর্জেন্টিনা-ইংল্যান্ড হাইভোল্টেজ ম্যাচের আগে আটলান্টায় ঝড়ের পূর্বাভাস!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। তবে এই মহারণের ঠিক আগেই স্বাগতিক শহর আটলান্টায় জারি করা হয়েছে ঝড়ের সতর্কতা।

বুধবার ম্যাচ চলাকালীন ও এর আগে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আশার কথা হলো, বৈরী আবহাওয়ার কারণে ম্যাচের সময়সূচিতে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই; নির্ধারিত সময়েই মাঠে গড়াবে খেলা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, বুধবার বিকেল ও সন্ধ্যার দিকে জর্জিয়া অঞ্চলে বিচ্ছিন্নভাবে তীব্র বজ্রঝড় আঘাত হানতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা বিশেষ করে ঘন ঘন বজ্রপাত এবং শহরের কিছু নিচু এলাকায় আকস্মিক বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করেছেন।

এদিকে আবহাওয়া পূর্বাভাস সংস্থা ‘অ্যাকুওয়েদার’-এর তথ্য অনুযায়ী, আজ আটলান্টার আবহাওয়া থাকবে বেশ অস্থির। বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে কখনো রোদ, কখনো আংশিক মেঘলা আকাশ, আবার কখনো হুট করে তীব্র বৃষ্টির মুখোমুখি হতে পারে শহরটি।

বাইরে প্রকৃতির এমন তাণ্ডব চললেও, মাঠের খেলায় তার কোনো প্রভাব পড়বে না বলেই আশা করা হচ্ছে। কারণ, সেমিফাইনাল ম্যাচটি যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে রয়েছে অত্যাধুনিক ক্লোজড বা রিট্র্যাক্টেবল রুফ (ছাদ খোলার ও বন্ধ করার আধুনিক প্রযুক্তি)। চলতি বিশ্বকাপ জুড়েই এই স্টেডিয়ামের ছাদ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ফলে বাইরের ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে খেলা সম্পন্ন করা সম্ভব হবে।

সাধারণত উন্মুক্ত মাঠে বজ্রপাতের ঝুঁকি থাকলে ফিফার নিয়ম অনুযায়ী খেলা সাময়িক বন্ধ রাখার প্রটোকল রয়েছে। তবে এই স্টেডিয়ামের বিশেষ কাঠামোর কারণে খেলোয়াড় ও দর্শক; সবাই ভেতরে সম্পূর্ণ নিরাপদ থাকবেন, যার ফলে খেলা বন্ধ রাখার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হবে না।