শাহানাজ পাটোয়ারী, গাজীপুর : টানা কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া গাজীপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে গাজীপুর সিটি করপোরেশন।
মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার নিজ হাতে দুর্গত পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় তিনি বাসিন্দাদের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল মুড়ি, চিড়া, গুড়, খাবার স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ।
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) আমজাদ হোসেনসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে গাজীপুর সিটি করপোরেশন। জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে কাজ চলছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত আরও পরিবারকে পর্যায়ক্রমে ত্রাণ সহায়তার আওতায় আনা হবে। একই সঙ্গে দ্রুত পানি নিষ্কাশন ও নাগরিক দুর্ভোগ কমাতে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।