শাহানার পাটোয়ারী, গাজীপুর : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি অবৈধ বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকেলে গাজীপুর মহানগরের পাজুলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ তথ্য জানিয়ে এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নির্দেশনায় মহানগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জিএমপির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল ১৪ জুলাই সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে পাজুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি লাল রঙের নম্বরপ্লেটবিহীন TVS 4V 160 সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জিএমপি জানায়, গাজীপুর মহানগরে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।