শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২ সফর, ১৪৪৮ হিজরি

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর ফায়ার জেটিতে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নেভি ও বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজ ডুবুরি সাদিককে উদ্ধারে কাজ অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের কাজ চলছিলো। এ সময় ডুবুরি সদস্য সাদিক, শামসুল ও স্পিডবোট চালক সজল একসঙ্গে দায়িত্ব পালন করছিলেন।
কাজের একপর্যায়ে সাদিক স্পিডবোট থেকে নদীতে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে নিখোঁজ হন।

সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন আরো জানান, সাদিক একজন দক্ষ ও দায়িত্বশীল ডুবুরি ছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রীয় পদক অর্জন করেছিলেন। নিখোঁজ ডুবুরিকে দ্রুত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

নিখোঁজ ডুবুরি সাদিক রাজবাড়ী জেলার কুমড়াকান্দি গ্রামের আশরাফ শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন অভিজ্ঞ ডুবুরি সদস্য। দক্ষতা, সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রীয় পদক অর্জন করেছিলেন।