শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

শর্টসার্কিটের আগুনে গাজীপুরে পুড়ে গেছে ১১ ঘর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি কক্ষ এবং কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের ভোগড়া বাসন সড়ক এলাকায় সাইফুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরন মিয়া জানান, সন্ধ্যা ৬টার দিকে ভোগড়া বাসন সড়ক এলাকার সাইফুল ইসলামের ভাড়াবাসায় একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১১টি কক্ষের সমস্ত মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

ভাড়াবাসার ওই কক্ষগুলোতে বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করা শ্রমিকরা তাদের পরিবারসহ বসবাস করতেন। খবর পেয়ে ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল আহামেদ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের দুই দিন রান্না করা খাবার ও আর্থিক সহায়তা প্রদান করেন।