টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর টঙ্গীতে বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোসাঃ কারিমা বেগমকে (৪১) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ।
বৃহস্পতিবার রাতে টঙ্গী পূর্ব থানা এলাকার হিমারদীঘি আমতলী কেরানীরটেক বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কারিমা বেগম কেরানীরটেক এলাকার মৃত কাদির মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ কারিমাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কারিমার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একাধিক মামলা ছাড়াও হত্যা চেষ্টা, চুরি, মারধর ও অন্যান্য অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “টঙ্গীর মাদক সম্রাজ্ঞী কারিমাকে বৃহস্পতিবার রাতে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।