রবিবার, ১৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ সফর, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে মাদরাসা ছাত্রীকে ধষর্ণ চেষ্টা মামলার আসামী গ্রেপ্তারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। শুক্রবার রাত পৌণে ৮ টায় মহাসড়কের মিলগেট এলাকায় অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। দেড় ঘন্টাব্যাপী অবরোধে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, টঙ্গীর কলাবাগান (জিন্নাত মহল্লা) এলাকার আলী ইনসাফ হাফিজিয়া মাদরাসার ছাত্রী (৭) গত রোববার সকালে মাদরাসায় যাচ্ছিল। কলাবাগান জিন্নাত মহল্লার বখাটে বিপ্লব (৩০) ওই ছাত্রীকে চিপস খাওয়ানোর কথা বলে তার বাসায় নিয়ে যায়। বিপ্লব জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটির ডাকচিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে বিপ্লব দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় গত বৃহস্পতিবার টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হলেও আসামী গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার রাত পৌণে ৮টায় মিলগেটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, রাত সোয়া ৯টায় এলাকাবাসী মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আসামী গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।