খাগড়াছড়ি প্রতিনিধি : দুর্গম পার্বত্য অঞ্চলের কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মশালা, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন।
রোববার খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক কিশোরী ও নারী অংশ নেন। তাদের স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যপরামর্শ এবং এসিআই লিমিটেডের ‘ফ্রিডম’ স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে বিতরণ করা হয়।
কর্মশালায় বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয় এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান বলেন, পাহাড়ি অঞ্চলের কিশোরী ও নারীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে এবং সামাজিক সংকোচ দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, রিজিয়ন কমান্ডারের দিকনির্দেশনায় এসিআই লিমিটেডের সহযোগিতায় এ স্বাস্থ্য ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, এ ধরনের কর্মসূচি নিয়মিত হলে দুর্গম এলাকার কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতা ও আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে।