সোমবার, ২০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ সফর, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে প্রতিবন্ধী নাতির খুন্তির আঘাতে দাদী নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরে টঙ্গীতে মানসিক প্রতিবন্ধী নাতির খুন্তির আঘাতে দাদী সাহিদা বেগম (৭৮) নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে টঙ্গীর আউচপাড়া সালামত উল্লাহ রোডে। রোববার দুপুরে রাইয়ান আহম্মেদ (১২) নামে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানা পুলিশ।

এঘটনায় নিহতের ছেলে আহমেদ রুবেল বাদী হয়ে গতকাল রোববার টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, বাদী আহমেদ রুবেলের ছেলে রাইয়ান একজন মানসিক প্রতিবন্ধী। যেকোনো বিষয়ে হুট করে উত্তেজিত হয়ে উঠে। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তুচ্ছ বিষয় নিয়ে রাইয়ান তার মায়ের সাথে রাগারাগি করে । একপর্যায়ে রান্নার কড়াই দিয়ে তার মাকে আঘাত করে রাইয়ান। এসময় তার দাদী সাহিদা বেগম তাকে শান্ত করতে গেলে উত্তেজিত রাইয়ান তার দাদীকে স্টিলের খুন্তি (ভাজিকাঠি) দিয়ে বুকের বাম পাশে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার তুরাগ ইস্টওয়েস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে রোববার ভোরে স্থানীয় কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রাইয়ানকে গ্রেপ্তার করে পুলিশ।

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত রাইয়ানকে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।