মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ সফর, ১৪৪৮ হিজরি

হরমুজ প্রণালীতে ২ তেলবাহী ট্যাংকার ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রমের সময় আইন লঙ্ঘনের অভিযোগে দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।

তেহরানের দাবি, মার্কিন সামরিক বাহিনীর চাপে পড়ে জাহাজ দুটি হরমুজ প্রণালির দক্ষিণের অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল।

এ কারণে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বলেছে, এটি আমাদের ভূমি।

হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে মার্কিন সন্ত্রাসী বাহিনীর হস্তক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই। এ ধরনের কর্মকাণ্ডের যথাযথ জবাব দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এ অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি। তাদের কর্মকাণ্ডের কারণেই হরমুজ প্রণালীতে নৌ চলাচল চরম ঝুঁকির মুখে পড়েছে।

ইরানের এলিট বাহিনী আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘অঞ্চলে যুক্তরাষ্ট্রের অপকর্ম যতক্ষণ অব্যাহত থাকবে, ততক্ষণ রাসায়নিক সার কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্যও এই জলপথ নিরাপদ থাকবে না।’

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই প্রণালী ঘিরে নতুন উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: মিডল ইস্ট আই