খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ, চর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষাগত বৈচিত্র্যের প্রতি আগ্রহ সৃষ্টি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানের উদ্যোগে ত্রিপুরা, চাকমা ও মারমা ভাষা শিক্ষা ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনটি ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাতৃভাষা একটি জাতিগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের অন্যতম ভিত্তি। শিক্ষার্থীদের মাঝে ত্রিপুরা, চাকমা ও মারমা ভাষা শেখার সুযোগ সৃষ্টি হলে পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক বিনিময় এবং ভাষাগত ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী মুহাম্মদ আতিকুল হক, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।