মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ সফর, ১৪৪৮ হিজরি

ককরোচ পার্টির পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা ছত্রভঙ্গ করে দিলো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত কর্মসূচি পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা লাঠিচার্জের মাধ্যমে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার সকালের দিকে ঘটেছে এ ঘটনা।

ভারতের প্রধান তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে গত ৬ জুন থেকে রাজপথে আন্দোলনে নেমেছে ফেইসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি। সিজেপির এই আন্দোলনের সঙ্গে ইতোমধ্যে জানিয়ে ২৮ জুন থেকে অনশনে বসেন ভারতের জলবায়ু ও পরিবেশ আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক।

আজ সোমবার দাবির সপক্ষে নয়াদিল্লির জন্তর মন্তর এলাকা থেকে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল সিজেপির। কিন্তু সকালে পদযাত্রা শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে হামলা চালায় পুলিশ এবং ককরোচ পার্টির পদযাত্রাকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ মৃদু লাঠিচার্জ করেছে বলেও জানিয়েছে ভারতভিত্তিক সংবাদমাধ্যম এএনাআই।

অবশ্য পুলিশ যে এ জাতীয় পদক্ষেপ নিতে পারে, তা গতকাল রোববারই ধারণা করেছিলেন অনেকে। কারণ ককরোচ জনতা পার্টির এই কর্মসূচি রুখতে রোববার রাজধানীতে ৫ হাজার পুলিশ এবং তাদের সঙ্গে আধাসামরিক বাহিনী সেন্ট্রাল পুলিশ রিজার্ভ ফোর্স (সিআরপিএফ) নামানো হয়। মোতায়েন করে রাখা হয় জলকামনও।

সেই সঙ্গে জারি করা হয় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা। পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের জানিয়ে দেওয়া হয়েছিল যে যন্তর মন্তরের সামনে বিক্ষোভস্থল ছাড়া আর কোথাও জমায়েত করা যাবে না। কোনও প্রতিবাদ কর্মসূচির আয়োজনও করা যাবে না। সূত্রের খবর, প্রশাসনের উচ্চ পর্যায় থেকে সোমবারের অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও রকম অবনতি দেখলে তা কঠোর হাতে দমনের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ আধিকারিকদের। দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তারাও সকাল থেকেই রাস্তায় ছিলেন।

এর আগে সিজেপি এই কর্মসূচি পালনের জন্য দিল্লি পুলিশের কাছে অনুমতি চেয়েছিল; কিন্তু পুলিশ তা দেয়নি। পরে অনুমতি ছাড়াই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছিল ককরোচ পার্টি।

সোনাম ওয়াংচুক বর্তমানে দিল্লির সফদরজং হাসপাতালে আছেন। যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জে কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সূত্র : এএনআই