মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ সফর, ১৪৪৮ হিজরি

শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল নড়াইল

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্রেপ্তার রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নড়াইল সদর আমলী আদালতের বিচারক মারুফ হাসান এই আদেশ দেন।

এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে আদালত চত্বর, জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং প্রধান সড়কগুলো অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে পাঁচ বছরের শিশুটি নিখোঁজ হয়।

পরে একই গ্রামের আতিয়ার শিকদারের ছেলে রবিউল শিকদারের ঘরে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় শিশুটির লাশ দেখতে পান স্বজনেরা।

স্বজনদের অভিযোগ, শিশুটিকে নৃশংসভাবে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছেন রবিউল।

ঘটনার পর মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকা থেকে অভিযুক্ত রবিউলকে আটক করে পিটুনি দিয়ে বেঁধে রাখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে থানা ও পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার চেষ্টা করে।

তবে খবর ছড়িয়ে পড়লে নড়াইল শহরের টার্মিনাল চত্বরে পুলিশবাহী মাইক্রোবাসের গতি আটকে বিক্ষোভ শুরু করেন ছাত্র-জনতা।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আন্দোলনকারীরা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিভিন্ন স্লোগান দেন এবং একপর্যায়ে নড়াইল-মাগুরা মহাসড়ক অবরোধ করেন।

পাশাপাশি কালনা-নড়াইল-যশোর মহাসড়কের দত্তপাড়া এলাকায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। এতে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।

হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

পরবর্তীতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রবিউলকে আমলী আদালতে সোপর্দ করা হয়। আদালত চত্বরে জমায়েত হওয়া ক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আদালতে নড়াইল আমলী আদালতের অতিরিক্ত পাবলিক প্রসেকিউটর (এপিপি) আজিজুল ইসলাম অভিযুক্তকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, নিহত শিশুর পরিবার ও আন্দোলনকারী জনতা এই পাশবিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং অভিযুক্ত রবিউলের দ্রুত ফাঁসির দাবি জানিয়েছেন।