বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ সফর, ১৪৪৮ হিজরি

হর্ন ছাড়াই ৩২ কিলোমিটার পথ পাড়ি দিলেন গাজীপুর জেলা প্রশাসকের গাড়িচালক

শাহানাজ পাটোয়ারী, গাজীপুর : নগরায়ণ ও যান্ত্রিক জীবনের সম্প্রসারণের সঙ্গে পাল্লা দিয়ে দেশে উদ্বেগজনক হারে বেড়েছে শব্দদূষণ। বিশেষ করে রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে যানবাহনের অপ্রয়োজনীয় ও উচ্চ শব্দের হর্ন জনজীবনে বাড়তি শব্দচাপ সৃষ্টি করছে। এ বাস্তবতায় শব্দদূষণ সম্পর্কে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
সোমবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যাওয়ার উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে রওনা হওয়ার সময় তিনি তার গাড়িচালক মো. ফারুককে পুরো পথ হর্ন না বাজিয়ে গাড়ি চালানোর নির্দেশ দেন। চালক সেই নির্দেশনা সফলভাবে পালন করেন।
গাড়িচালক মো. ফারুক জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এবং সেখান থেকে পুনরায় কার্যালয়ে ফিরে আসাসহ প্রায় ৩২ কিলোমিটার পথ তিনি কোনো ধরনের হর্ন ব্যবহার না করেই অতিক্রম করেন। যাত্রাপথে কোথাও কোনো সমস্যা বা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়নি বলেও জানান তিনি।
মো. ফারুক বলেন, “স্যার আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি হর্ন ছাড়া গাড়ি চালাতে পারেন? আমি বললাম, স্যার চেষ্টা করে দেখি। এরপর স্যারের নির্দেশনায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে কাশিমপুর কারাগার এবং আবার কার্যালয়ে ফিরে আসি। পুরো ৩২ কিলোমিটার পথ কোনো হর্ন বাজাতে হয়নি। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যাও হয়নি।”
বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার শুধু বিরক্তির কারণ নয়, এটি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, মানুষের জন্য সহনীয় শব্দের মাত্রা সর্বোচ্চ ৬০ ডেসিবল। অথচ বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ঢাকার প্রধান সড়কগুলোতে শব্দের মাত্রা প্রায়ই ১১০ থেকে ১৩২ ডেসিবলে পৌঁছে যায়, যা নিরাপদ সীমার অনেক ঊর্ধ্বে।
দীর্ঘ সময় উচ্চমাত্রার শব্দের মধ্যে থাকলে শ্রবণশক্তি হ্রাস, মানসিক চাপ, অনিদ্রা, উচ্চ রক্তচাপসহ নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
সচেতন মহলের মতে, গাজীপুর জেলা প্রশাসকের এই উদ্যোগ সরকারি কর্মকর্তা, চালক এবং সাধারণ মানুষের মধ্যে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার কমাতে ইতিবাচক বার্তা দেবে এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।