বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ সফর, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে তিনমাস ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার নির্দেশ

খাগড়াছড়ি প্রতিনিধি : সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছ থেকে সরকারি নির্দেশনা উপেক্ষা করে ঋণের কিস্তি আদায়ের অভিযোগে খাগড়াছড়িতে কর্মরত এনজিও প্রতিনিধিদের নিয়ে জরুরি জেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সাংবাদিক সম্মেলনে বন্যাদুর্গত ঋণগ্রহীতাদের জন্য তিন মাস কিস্তি আদায় স্থগিত রাখার সরকারি সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়।
বুধবার (২২ জুলাই) বিকেলে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এতে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, মং সার্কেলের চিফ সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) ১৩ জুলাইয়ের নির্দেশনা অনুযায়ী বন্যাকবলিত এলাকায় আগামী তিন মাস ঋণের কিস্তি আদায় স্থগিত রাখতে হবে। তবে কয়েকটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করে কিস্তি আদায় এবং ঋণগ্রহীতাদের ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ ওঠে।
বক্তারা বলেন, দুর্যোগকালে এমন কর্মকাণ্ড অমানবিক এবং সরকারি নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। ভবিষ্যতে এমন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সভা শেষে সাংবাদিক সম্মেলনে আবারও তিন মাস কিস্তি স্থগিতের সিদ্ধান্ত কার্যকর করার আহ্বান জানানো হয় এবং সব এনজিওকে সরকারি নির্দেশনা মেনে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।