বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ সফর, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে টঙ্গীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টঙ্গী মডেল শাখা।

​বুধবার বিকাল ৫টায় টঙ্গী’র গাজীপুরা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। সহস্রাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে কলেজ গেট এলাকা প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

​টঙ্গী মডেল শাখা সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মুর্তজা হাসান ফুয়াদের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, তার মূল স্পিরিট ধরে রাখতে হলে জনগণের গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। একইসাথে নির্বিচারে চালানো গণহত্যার দায়ে জড়িতদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”

​কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ এবং কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক ইসমাইল হোসেন।

​এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি এস আই সায়েম এবং স্থানীয় ও মহানগরী পর্যায়ের নেতাকর্মীরা।