টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে আবাসিক গ্যাস সংযােগে গ্যাস প্রবাহ চালুর দাবিতে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।
রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টঙ্গী গোপালপুর সাহারা মার্কেটের তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিট্রিবিউশন পিএলসি অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শণ করেন গাজীপুর সিটি করপোরেশন ৫৩ ওয়ার্ডের তিতাস গ্যাসের গ্রাহকরা।
এসময় বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশন ৫৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ৫৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, সাধারণ সম্পাদক সাদেক হোসেন, আব্দুল মান্নান, মো. লিটন মিয়া, মোস্তফা জামান প্রমুখ।
ঘেরাও কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন আমান উল্লাহ, আব্দুস সালাম মাদবর, সুন্দর আলী, মাওলানা শরিফুল ইসলাম, মো. শহীদুল্লাহ, মোহাম্মদ হাসান, বিউটি আক্তার, কথামনি, হালিমা আক্তার, উম্মে সালমা, খাজিদা আক্তার, রেশমা আক্তার, কল্পনা খাতুন, প্রীতি আক্তার, তিথি বেগম ও সাবিয়া খাতুন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমরা নিয়মিত গ্যাস বিল পরিশোধ করে আসলেও দীর্ঘদিন যাবত তিতাস গ্যাস কোম্পানী আমাদের বাসাবাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহ দিচ্ছে না। কখনও কখনও লাইনে গ্যাস দিলেও চাপ খুবই কম থাকে। ফলে এলাকার হাজার হাজার চাকরিজীবি নারী-পুরুষ, শিক্ষার্থী ও শিশুদের খাবার রান্না করা সম্ভব হচ্ছে না। এতে এলাকার মানুষ নিদারুণ কষ্ট ভোগ করছে। এমন পরিস্থিত বজায় থাকলে আমরা বাধ্য হয়ে ’নো গ্যাস, নো বিল’ নীতি অবলম্বণ করবো।
আবাসিক লাইনে নিয়মিত ও প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিতাস গ্যাসের গ্রাহকরা।
এব্যাপারে টঙ্গী তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিট্রিবিউশন পিএলসি টঙ্গী জোনের ব্যবস্থাপক মো. মেজবা উর রহমান বলেন, চট্টগ্রামের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল নষ্ট হয়ে পড়ায় গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটছে। আগামী ৪-৫ দিনের মধ্যে এলএনজি টার্মিনালটি সচল হয়ে গেলে গ্যাস প্রবাহের চাপ বৃদ্ধি পাবে। এতে গ্যাসের সমস্যার সমাধান হবে।
পরে তিতাস গ্যাস টঙ্গী জোনের ব্যবস্থাপক মো. মেজবা উর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন গ্রাহকরা।