বুধবার, ২৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ সফর, ১৪৪৮ হিজরি

পিসিজেএসএস, ইউপিডিএফ ও কেএনএফের মানবাধিকার লঙ্ঘনের বার্ষিক প্রতিবেদন প্রত্যাখান

খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামে পিসিজেএসএস, ইউপিডিএফ ও কেএনএফের কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ।

সাংবাদিক সম্মেলনে পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে নাগরিক পরিষদ পাল্টা অভিযোগ করে বলেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে তিন পার্বত্য জেলায় প্রায় ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, ৪৭টি অপহরণ, ১৬টি হত্যাকাণ্ড, সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ৩৪টি সংঘর্ষ এবং নারী সংক্রান্ত প্রতারণা, অপহরণ, নির্যাতনসহ প্রায় ১৪টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। একবছরে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মাধ্যমে প্রায় ১,৫২০টি চাঁদাবাজির ঘটনা ঘটেছে। সাংবাদিক সম্মেলনে গত এক বছরে পাহাড়ি সংগঠনগুলোর সশস্ত্র কর্মকাণ্ড ও জননিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিভিন্ন তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক সদস্য শাহাদাৎ হোসেন, এরশাদ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক সদস্য রবিউল হোসেন, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমেদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং সুমন আহমেদ, সোহেল রানা ও মাকসুদুল আলমসহ সংগঠনের নেতাকর্মীরা।