শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

টঙ্গী–পূবাইল রুটে অটোরিকশার ভাড়া বৃদ্ধি, অতিষ্ঠ যাত্রীরা

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী স্টেশন রোড থেকে টিএন্ডটি, সিলমুন, মাজুখান, করমতলা, মীরের বাজার হয়ে পূবাইল স্টেশন পর্যন্ত চলাচলকারী অটোরিকশার ভাড়া হঠাৎ বৃদ্ধি পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই এ রুটে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, কয়েকদিন আগেও যে রুটে নির্ধারিত ভাড়ায় যাতায়াত করা যেত, বর্তমানে সেখানে জনপ্রতি অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অফিসগামী কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, শ্রমিক ও নিম্ন আয়ের যাত্রীরা।
করমতলার এক যাত্রী বলেন, প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করতে হয়। হঠাৎ ভাড়া বৃদ্ধি পাওয়ায় মাসিক যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। একই অভিযোগ করেছেন মীরের বাজার ও পূবাইল স্টেশন এলাকার আরও অনেক যাত্রী।
মীরের বাজারের ব্যবসায়ী সফিকুল ইসলাম বলেন, টঙ্গী স্টেশন রোড থেকে টিএন্ডটি, সিলমুন, মাজুখান, করমতলা, মীরের বাজার ও পূবাইল স্টেশন রুটে চলাচলকারী অটোরিকশা চালকদের একটি অংশ নিজেদের ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করছেন। ভাড়া নিয়ে প্রায়ই যাত্রী ও চালকদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে।
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের মতে, এই সড়কটি হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে গেছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবহন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে যৌক্তিক ভাড়া নির্ধারণ, নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক।
যাত্রীদের প্রত্যাশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপের মাধ্যমে এ রুটে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষ নির্ধারিত ভাড়ায় নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।