পূবাইল (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইল থানার কুদাব এলাকার একটি ভাড়া বাসা থেকে শারমিন আক্তার (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাঙাল হাওলা গ্রামের বাসিন্দা মো. শামীম মিয়ার মেয়ে এবং মো. বাবুল মিয়ার স্ত্রী। তিনি কুদাব পশ্চিমপাড়া কাজী মার্কেট সংলগ্ন সুমনের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় শারমিনের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।