নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ইসলামী ব্যাংকের বিদ্যমান সংকট নিরসনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় মাইজদী টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইজদী ইসলামী ব্যাংকের সামনে গিয়ে এটি এক সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিদ্যমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যর্থতার তীব্র প্রতিবাদ জানান এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান।
বক্তারা বলেন, “অপেশাদার, ব্যর্থ ও এস আলম চক্রের সুবিধাভোগী বর্তমান চেয়ারম্যান জহির হোসেনকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে।”
বিক্ষোভ মিছিলে উপস্থিত বক্তারা ইসলামী ব্যাংককে পুনরুজ্জীবিত করতে এবং সাধারণ গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান। তাঁরা উল্লেখ করেন, ইসলামী ব্যাংকের বর্তমান সংকট কাটাতে এবং ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে একচ্ছত্র সিদ্ধান্ত বন্ধ করে দ্রুত সততা ও দক্ষতার ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা অপরিহার্য।
এ সময় ব্যাংকের বিপুলসংখ্যক গ্রাহক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।