☰

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

খুলনায় দুই অভিযানে চার বিদেশি পিস্তল উদ্ধার,গ্রেফতার ২

খুলনা প্রতিনিধি : খুলনায় পৃথক দুই অভিযানে চারটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সোনাডাঙ্গা ও লবণচরা থানা এলাকায় অভিযান দুটি চালানো হয়। এ ঘটনায় রিফাত তালুকদার (২১) ও আব্দুল আউয়াল (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কেএমপির ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, মহানগরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত চিংড়ী পলাশের বাসায় যশোর থেকে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছেন। এর ভিত্তিতে ডিবির উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে রাত ১টা ৪৫ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত অভিযান চালানো হয়। সোনাডাঙ্গার গোবরচাকা শাহিনুর জামে মসজিদ রোডের খালাসীবাড়ি মোড়ের একটি বাসা থেকে রিফাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অন্যদিকে লবণচরার হরিণটানা আশিবিঘা এলাকায় হত্যা মামলার আসামি আব্দুল আউয়ালের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আল আকসা মসজিদ গলিতে ইসরাফিলের বাড়ির একটি পরিত্যক্ত দোচালা টিনের ঘরে কাঠের গুঁড়ির বস্তার নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ডেপুটি পুলিশ কমিশনার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ভারত থেকে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে অস্ত্রগুলো পাচার হয়ে যশোর ও সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা হয়ে খুলনায় আসছে। অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। উদ্ধার হওয়া অস্ত্র কোথায় ব্যবহারের জন্য আনা হয়েছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।