☰

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বাংলাদেশে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার

স্পোর্টস ডেস্ক : ইতিহাসে প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে খেলতে নেমেই কঠিন পরীক্ষার মুখে বাংলাদেশ। নিজেদের অভিষেক ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে মাঠ ছাড়ে টমাস ডুলির শিষ্যরা।

ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হয় ম্যাচটি। প্রথমার্ধের দুটি গোলই এসেছে মালয়েশিয়ার তারকা উইঙ্গার আরিফ আইমানের পা থেকে। ১৮ মিনিটে প্রথম গোলে এগিয়ে যাওয়ার পর ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোহর দারুল তাকজিমের এই ফরোয়ার্ড। পরিসংখ্যানেও প্রথমার্ধে মালয়েশিয়ার আধিপত্য। ৬৬ শতাংশ বল দখলে রাখে তারা। মোট ১০টি শট নেয় মালয়েশিয়া, যার ৪টি ছিল লক্ষ্যে। বিপরীতে পুরো প্রথমার্ধে মাত্র একটি শট নিতে পেরেছে বাংলাদেশ, আর সেটিও ছিল লক্ষ্যভ্রষ্ট।

বিরতির পর ম্যাচে তৃতীয় গোলটি করেন মালয়েশিয়ার হয়ে খেলা ব্রাজিলিয়ান ফুটবলার বার্গসন। ডি বক্সের ভেতর টার্নে তার গড়ানো শটে বল ধরতে পারেননি মেহেদি হাসান শ্রাবণ। মালয়েশিয়ার হয়ে অভিষেকেই গোলের দেখা পেলেন গ্রেমিও, ফোর্তালেজায় খেলা বার্গসন।কোচ থমাস ডুলি শুরুর একাদশ বাছাইয়ে কিছুটা ভিন্নতা আনেন। নিয়মিত গোলরক্ষক মিতুল মারমার পরিবর্তে গোলবারে খেলান মেহেদি হাসান শ্রাবণকে। হামজা চৌধুরি, শমিত সোম, জায়ান আহমেদরা শুরুর  একাদশে খেলেন। শুরুর একাদশে ঠাঁই পাননি জামাল ভুঁইয়া। ম্যাচে অধিনায়ক সোহেল রানা। অভিষেক হয় প্রবাসী ফারহান আলী ওয়াহিদের। চোটের কারণে জায়গা হয়নি শেখ মোরসালিনের।