☰

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পূবাইলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বিতরণ খেলাধুলার সরঞ্জাম

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মহানগরের পূবাইলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়।
শুক্রবার সকালে পূবাইল থানার কামারগাঁও এলাকার আমির উদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশন, পূবাইল থানা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশন, পূবাইল থানা শাখার সভাপতি মাসুদুর রহমান সিদ্দিকী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মেহনাজ সরকার শিল্পী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ সরকার, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, আমির উদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোল্লা মেহেদী হাসান এবং ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুল আলম ভূঁইয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উবায়দুল্লাহ সরকার ও আনোয়ার হোসেন মোড়ল। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের পক্ষ থেকে পূবাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়েছে।