খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও তিনটি ককটেলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি কালো রঙের মুখোশ ও একটি নেট ব্যান্ড উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে লবণচরা থানাধীন রূপসা ব্রিজের নিচে জালালের তুষ মিলের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—রনি মোল্লা (২৮), আলামিন হাওলাদার (২৩) ও স্মরণ জমাদার (২৬)।
পুলিশ জানায়, রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি গোপন আস্তানায় একদল সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড কিংবা বড় ধরনের অপরাধ সংঘটনের পরিকল্পনা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও তিনটি ককটেল উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।
এ ছাড়া অভিযানে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি কালো রঙের মুখোশ ও একটি নেট ব্যান্ড উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার করা মুখোশ ও অন্যান্য সরঞ্জাম কোনো ডাকাতি, অপহরণ কিংবা সহিংস অপরাধ সংঘটনের প্রস্তুতির সঙ্গে সম্পৃক্ত হতে পারে। তবে এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তাদের সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড ও সহযোগীদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।