☰

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

২৭৬ কোটি টাকা আত্মসাৎ হাসিনা-রেহানার, তথ্য চেয়ে ৪১ ব্যাংককে দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক : মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের ২৭৬ কোটি টাকা আত্মসাতের মামলায় তথ্য চেয়ে দেশের ৪১টি তফসিলি ব্যাংককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় আসামি হিসেবে রয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ অন্যরা।

মামলার এজাহারে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ছিলেন শেখ হাসিনা এবং সহ-সভাপতি ছিলেন শেখ রেহানা। এজাহারে তাদের বিরুদ্ধে ব্যক্তিগত লাভের অসৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি গড়ে তোলা এবং বিএবির মাধ্যমে প্রভাব বিস্তার করে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিল থেকে অর্থ সংগ্রহের অভিযোগ আনা হয়েছে।

দুদক জানিয়েছে, মামলার অনুসন্ধানের অংশ হিসেবে দেশের ৪১টি তফসিলি ব্যাংক থেকে পাওয়া বিভিন্ন তথ্য ও রেকর্ড পর্যালোচনা করা হয়েছে। এসব ব্যাংকের কাছ থেকে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও তথ্য চাওয়া হয়েছে। মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর লেনদেনের তথ্য যাচাই করে অর্থের উৎস, বিতরণ ও ব্যবহারের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে দুদক। মঙ্গলবার দুদকের গণসংযোগ শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।