☰

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮

আন্তর্জাতিক ডেস্ক : : চলতি বছরের প্রথম আট মাসে কানাডা থেকে ৩৪০ বাংলাদেশির অপসারণ কার্যকর হয়েছে। দেশটি থেকে অপসারণের প্রক্রিয়ায় রয়েছেন আরও ১ হাজার ৩৬৮ বাংলাদেশি।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। হিসাবটি ৩১ আগস্ট পর্যন্ত।

সিবিএসএর তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সব মিলিয়ে ১৪ হাজার ৮৯৭ বিদেশি নাগরিকের অপসারণ কার্যকর হয়েছে।

এ তালিকায় সবচেয়ে বেশি ভারতের নাগরিক-৪ হাজার ২২৭ জন।
এরপর মেক্সিকোর ২ হাজার ২৮২, যুক্তরাষ্ট্রের ৬০১, কলম্বিয়ার ৫৮০, হাইতির ৫৩৫ ও রোমানিয়ার ৪৩৩ জন রয়েছেন। ৩৪০ জন নিয়ে বাংলাদেশ সপ্তম অবস্থানে।

অপসারণের কারণগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছিল অভিবাসন আইন না মানার ঘটনা। আশ্রয়ের আবেদন করেছিলেন-এমন ১২ হাজার ৫ জনের অপসারণ হয়েছে এই কারণে। আশ্রয়প্রার্থী নন এমন আরও ১ হাজার ৭৯৪ জনের ক্ষেত্রেও একই কারণ উল্লেখ করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ৮৯৭ এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ৮৮ জনের অপসারণ হয়েছে।

অপসারণ আদেশগুলোর মধ্যে ৮ হাজার ৫৭৭টি ছিল ডিপোর্টেশন অর্ডার, ৩ হাজার ৩০৩টি ডিপারচার অর্ডার এবং ৩ হাজার ১৭টি এক্সক্লুশন অর্ডার।

এদিকে ৩১ আগস্ট পর্যন্ত কানাডা থেকে অপসারণের প্রক্রিয়ায় ছিলেন মোট ৪৯ হাজার ৫৩৬ জন। এর মধ্যে ভারতের নাগরিক ১০ হাজার ২৯৫ এবং মেক্সিকোর ৬ হাজার ১০২ জন। ১ হাজার ৩৬৮ জন নিয়ে এ তালিকায় বাংলাদেশ অষ্টম।

সিবিএসএ বলছে, অপসারণ প্রক্রিয়ায় থাকা বলতে এমন ব্যক্তিদের বোঝায়, যাদের অপসারণের ব্যবস্থা নেওয়া সম্ভব। এ পর্যায়ে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহসহ বিভিন্ন বাধা দূর করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও বিদেশি সরকারের সঙ্গে কাজ করে সংস্থাটি।