মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১ শাবান, ১৪৪৭ হিজরি

মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস ইসির

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকছে না বলে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতি কাজী জেবেল।

‎সাক্ষাৎ শেষে আরএফইডি সভাপতি কাজী জেবেল জানান, সাংবাদিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোনের গুরুত্ব বিবেচনা করে ইসি এই নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস দিয়েছে।

‎তিনি বলেন, ‘আমরা বলেছি এমন সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করবে। কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে, সাংবাদিকদের ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না এবং দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।’

‎এর আগে, রোববার নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, ভোটকেন্দ্রের চারশ (৪০০) গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটারসহ কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। ইতোমধ্যে এ বিষয় প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।