সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ রমজান, ১৪৪৭ হিজরি

বমি করলে কি রোজা ভাঙবে ইসলামের নির্দেশনা

মুক্তবাণী ডেস্ক : মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র রমজান মাসে নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহারে বিরত থাকেন। আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থেকে আল্লাহর রহমত ও সান্নিধ্য লাভের সুবর্ণ সুযোগ পেতে মাসজুড়ে উপবাস করাই রমজানের অন্যতম বৈশিষ্ট্য।

রোজা রাখার বেশ কিছু নিয়ম রয়েছে। সঠিকভাবে রোজা পালন করতে ছোট ছোট বিষয় জানা জরুরি। এর মধ্যে অনেকেই জানতে চান, রোজা অবস্থায় বমি করলে বা অজ্ঞান হয়ে পড়লে রোজা ভেঙে যাবে কি না।

ইসলামের নির্দেশনা অনুযায়ী, বমির পরিমাণ বেশি হোক বা কম, খাদ্য কিংবা রক্ত—বমি হলে রোজা ভাঙে না। কারণ রোজা হলো পানাহার না করার নাম, আর বমি হলে তা পানাহারের বিপরীত। তবে বমির পর রোজা পালনে সক্ষম হলে তা পূর্ণ করতে হবে; অক্ষম হলে রোজা ছেড়ে দেওয়া যাবে। এ ক্ষেত্রে পরে কাজা আদায় করতে হবে, কাফফারা প্রয়োজন হবে না। তবে বমি মুখে আসার পর তা গিলে ফেললে রোজা ভেঙে যাবে। আবার ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভঙ্গ হবে এবং কাজা ও কাফফারা উভয়ই আদায় করতে হবে।

হাদিসে বলা হয়েছে, অনিচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির বমি হলে তাকে রোজা কাজা করতে হবে না। আর যে ইচ্ছাকৃতভাবে বমি করবে, সে যেন রোজার কাজা করে। (তিরমিজি, হাদিস : ৭২০; মুসান্নাফে ইবনে আবি শাইবা : ৬/১৮০; আল বাহরুর রায়েক : ২/২৪৭)

অনুরূপভাবে কোনো কারণে অজ্ঞান হলে রোজা ভঙ্গ হবে না। তবে দুর্বলতা বা অসুস্থতার কারণে প্রয়োজনে পানাহার বা ওষুধ সেবনে রোজা ভাঙলে পরে কাজা আদায় করতে হবে।