স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ সামনে রেখে কঠোর অবস্থান নিয়েছে মেক্সিকো ফুটবল ফেডারেশন (এফএমএফ)। প্রস্তুতি ক্যাম্পে নির্ধারিত সময়ে যোগ না দেওয়া লিগা এমএক্সের খেলোয়াড়দের সরাসরি বিশ্বকাপের মূল স্কোয়াড থেকেই বাদ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বুধবার থেকে অনুশীলন শুরু করেছে মেক্সিকো জাতীয় দল। এর আগে লিগা এমএক্সের ক্লাবগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছিল, ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের ৬ মে’র মধ্যে ছেড়ে দেওয়া হবে।
বুধবার দেওয়া এক বিবৃতিতে এফএমএফ জানায়, ‘সকল খেলোয়াড়কে মেক্সিকো সিটির হাই পারফরম্যান্স সেন্টারে রিপোর্ট করতে হবে। কোচিং স্টাফের নির্দেশনা অনুযায়ী, যারা আজ অনুশীলন ক্যাম্পে যোগ দিতে ব্যর্থ হবে, তারা বিশ্বকাপ দল থেকে বাদ পড়বে।’
তবে একটি ব্যতিক্রম রাখা হয়েছে তোলুকা ফুটবল ক্লাবের জন্য। কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালের ফিরতি লেগে বুধবার লস অ্যাঞ্জেলসের বিপক্ষে খেলবে দলটি।
প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে থাকা তোলুকার যেসব খেলোয়াড় জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন, তারা ম্যাচ শেষে অনুশীলনে যোগ দেবেন।
ফেডারেশনের এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন গুয়াদালাহারা ক্লাবের মালিক আমাউরি ভের্গারা। মেক্সিকোর শীর্ষ লিগে শুধুমাত্র স্থানীয় ফুটবলারদের নিয়ে দল গড়া একমাত্র ক্লাব গুয়াদালাহারা থেকে এবার পাঁচজন ফুটবলার ডাক পেয়েছেন বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে।
লিগা এমএক্সের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে এখন কঠিন পরিস্থিতিতে রয়েছে গুয়াদালাহারা। পরের রাউন্ডে উঠতে হলে ৩-১ গোলের ঘাটতি পুষিয়ে নিতে হবে তাদের। সেই লক্ষ্য সামনে রেখে আগামী রোববার টাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে মাঠে নামবে দলটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের আগিরের কাছে পাঁচ খেলোয়াড়কে ক্লাবে রাখার অনুরোধ জানিয়েছেন ভের্গারা।
বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি সূচি এবং ঘরোয়া ও মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতার সময়সূচির মধ্যে সংঘর্ষ তৈরি হওয়ায় মেক্সিকান ফুটবলে জাতীয় দল ও ক্লাবগুলোর টানাপোড়েন আরও বেড়েছে।
এবারের বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও চেক রিপাবলিক।