☰

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পূবাইলে অজ্ঞাত গাড়ির চাপায় মা-মেয়ের মৃত্যু

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইলে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় রুজুকা বেগম (৩০) ও তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে ইয়ামনি নিহত হয়েছে।
সোমবার রাত ১টা থেকে ২টার মধ্যে পূবাইল থানাধীন মেঘডুবি কালি ফ্যাক্টরির কাছে গাজীপুর-গাউছিয়া বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুজুকা বেগম শেরপুরের শ্রীবরদী উপজেলার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে এবং মনির হোসেনের স্ত্রী। শিশু ইয়ামনি তার মেয়ে। তারা গাজীপুর মহানগরীর সদর থানাধীন সালনা বাজার এলাকায় মোস্তফার বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, রাতে মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মা-মেয়ে গুরুতর আহত হন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পূবাইল থানার এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় শিশু ইয়ামনিকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে রাত আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটিও মারা যায়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর অজ্ঞাতনামা গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মা ও মেয়ের মরদেহ বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।