☰

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রতিপক্ষের লম্বা চুল টেনে লাল কার্ড দেখলেন দুই ফুটবলার

স্পোর্টস ডেস্ক : কনকাকাফ নেশনস লিগের ম্যাচে ঘটল অদ্ভুত এক ঘটনা। প্রতিপক্ষ ফুটবলারের অস্বাভাবিক লম্বা চুল ধরে টানার ঘটনায় শেষ দিকে লাল কার্ড দেখলেন অ্যান্টিগা ও বারবুডার দুই খেলোয়াড়।
তবে নয়জনের দল নিয়েও অ্যাঙ্গুইলাকে ৫-০ গোলে হারিয়েছে তারা।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রোববার লিগ ‘সি’-এর ‘বি’ গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের শেষ ২১ মিনিটে মাঠে নামেন অ্যাঙ্গুইলার এইডান স্কিপিও। ততক্ষণে তার দল ৫-০ গোলে পিছিয়ে।

মাঠে নামার পর অবশ্য খেলার ফল নয়, স্কিপিওর অস্বাভাবিক লম্বা চুলই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। চুল পেছনে বেঁধে রাখলে সেটি মাটি থেকে মাত্র কয়েক ইঞ্চি ওপরে থাকে।
আর সেই চুলই ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের খেলোয়াড়দের ফাউলের লক্ষ্য হয়ে যায়।

৭১ মিনিটে বল হারানোর পর স্কিপিওকে পেছন থেকে আটকে দিতে তার লম্বা চুল ধরে টান দেন অ্যান্টিগা ও বারবুডার কিওন গ্রিন। এই ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন তিনি।

ম্যাচের যোগ করা সময়ে আবারও একই ঘটনা ঘটে। এবার স্কিপিওর চুল ধরে টেনে তাকে পেছনের দিকে ফেলে দেন শালন নাইট। ঘটনায় মাটিতে পড়ে যান স্কিপিও। এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান অ্যাঙ্গুইলার এই ফুটবলার। এরপর নাইটকেও সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

ফলে ম্যাচের শেষদিকে নয়জনের দলে পরিণত হয় অ্যান্টিগা ও বারবুডা। তবে সংখ্যায় দুই খেলোয়াড় কম নিয়েও ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে তারা।

ফিফার সর্বশেষ আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে অ্যাঙ্গুইলার অবস্থান ২১০তম। তাদের নিচে রয়েছে কেবল সান মারিনো। অন্যদিকে অ্যান্টিগা ও বারবুডার অবস্থান ১৬৩তম।

এই জয়ে লিগ ‘সি’-এর ‘বি’ গ্রুপে পয়েন্ট সংগ্রহ করেছে জ্যাক পাসির দল।