☰

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল

শাহানাজ পাটোয়ারী, গাজীপুর : পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি।
মঙ্গলবার বিকেলে মহানগরীর সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলীপাড়া গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।
বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিগত ১৫ বছরে অবৈধভাবে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দেশের মানুষের ওপর সীমাহীন অত্যাচার, নির্যাতন, অগণিত গুম ও গণহত্যা চালিয়েছে। তাদের আর বাংলাদেশে রাজনীতি করার নৈতিক কোনো অধিকার নেই।

নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে দেশের বাইরে পালিয়ে গিয়ে শেখ হাসিনা সেখান থেকেই বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এখন দেশের ভেতরে নিজেদের গুপ্তচরের মাধ্যমে খুনখারাবি, অগ্নিসংযোগ ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। তবে দেশের সচেতন জনগণ তাদের এই অপরাজনীতিকে রাজপথেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এড. শহীদুজ্জামান, আহমেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, বিএনপি নেতা রকিব উদ্দিন সরকার পাপ্পু, প্রভাষক বশির আহমেদ, সরকার জাবেদ আহমেদ সুমন, মোফাজ্জল চেয়ারম্যান, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, সুরুজ আহমেদ, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, গাজী সালাহউদ্দিন, জয়নাল আবেদীন তালুকদার, সাহাদাত হোসেন শাহীন, আরিফ হোসেন হাওলাদারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।